রমজান মাসে সকল হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। গত ৫ জানুয়ারি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা বিদ্যমান। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের আলোকে আইনসম্মত প্রথা ও রীতির বিষয়টি তুলে ধরে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা হয়।
নোটিশে আরও বলা হয়, রোজা পালনরত কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাস ও যাতায়াত কষ্টকর হতে পারে এবং তা ধর্মীয় চর্চায় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি রমজান মাসে স্কুল খোলা থাকলে নগরাঞ্চলে যানজট বৃদ্ধি পায় বলেও উল্লেখ করা হয়। নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয়। আদালতের এই আদেশের ফলে রমজান মাসে স্কুল কার্যক্রম স্থগিত থাকবে।