কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অসতর্কতার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিন উদ্দিন পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে তিনি রেললাইনের একেবারে পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রেন এগিয়ে এলেও ফোনালাপে মনোযোগী থাকায় তিনি সেটি টের পাননি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অসতর্কতা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।