• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ শেষে দেশে ফেরার পথে একই পরিবারের ৪ জন নিহত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৬:৫৭ অপরাহ্ণ
ওমরাহ শেষে দেশে ফেরার পথে একই পরিবারের ৪ জন নিহত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবের আবহা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো পরিবারটি মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনায় নিহতরা হলেন—সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার। একই গাড়ির চালক মো. জিলানী বাবর (৩০) ঘটনাস্থলেই প্রাণ হারান। পরিবারটির অপর কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দেন এবং ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, ঘটনাটি অত্যন্ত শোকাবহ। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।