নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন এবং গত ৫ জানুয়ারি এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে ওই নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত রীতি রয়েছে, যা সংবিধানের ৩১ ও ১৫২(১) অনুচ্ছেদের আলোকে আইনের মর্যাদা পায় বলে দাবি করা হয়। আরও উল্লেখ করা হয়, রোজা রেখে স্কুলে যাতায়াত ও ক্লাস করা কোমলমতি শিক্ষার্থীদের জন্য কষ্টকর হতে পারে এবং এতে ধর্মীয় অনুশীলনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে; পাশাপাশি রমজানে স্কুল খোলা থাকলে নগর এলাকায় যানজটও বাড়তে পারে। নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়। এখন বিষয়টি উচ্চ আদালতে পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে।