• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের চাপে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
ঋণের চাপে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঋণের চাপ সহ্য করতে না পেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আত্মহত্যা করেছেন দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীপ ভৌমিক পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন এবং প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার দিন তিনি নিজ ঘরে বিষপান করেন বলে পরিবারের দাবি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন, কিন্তু অবস্থার অবনতি হলে তিনি মারা যান। নিহত দ্বীপ ভৌমিক একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি শুরুতে প্রকাশ না করার চেষ্টা করা হলেও পরে ঘটনাটি জানাজানি হয়।
নিহতের ভাতিজা জয় ভৌমিক জানান, পারিবারিক চাপ ও ঋণের বোঝায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।