মিসফায়ারে গুলিবিদ্ধ দিনমজুরকে দেখতে গেলেন রিটার্নিং কর্মকর্তা
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
সিরাজগঞ্জে ভোটের দিন পুলিশের মিসফায়ারে গুলিবিদ্ধ হন দিনমজুর আব্দুল মোতালেব কাজী। পাঁচদিন ধরে তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে দেখতে হাসপাতলে যান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি আহতের পরিবারকে আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রীও বিতরণ করেন।
ঘটনার দিন, মোতালেব কাজী কাওয়াখোলা ইউনিয়নের মুজিবকেল্লা কেন্দ্রে ভোট দিয়ে বের হচ্ছিলেন। পুলিশ কনস্টেবল ওয়াহাব আলীর শটগানের মিস ফায়ারিংয়ে তার দুই পায়ে গুলি লাগে। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের দিন দায়িত্বরত কনস্টেবল ওয়াহাবের শটগান থেকে দুর্ঘটনাক্রমে গুলি ছোঁড়া হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানিয়েছেন, কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক শিমুল তালুকদার জানান, মোতালেবের দুই পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দরিদ্র দিনমজুরের বাড়ির সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে টিন দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে এবং তার সার্বিক সহায়তা করা হবে।