এমপি হয়েই ভ্যানচালকদের টোল বন্ধের নির্দেশ দিলেন এসএম জিলানী
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৮:০৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা এলাকায় প্যাডেল ও ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী। দায়িত্ব নেওয়ার পরপরই দেওয়া এ নির্দেশনায় স্বস্তি ফিরেছে স্থানীয় ভ্যানচালকদের মাঝে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছর থেকে টুঙ্গিপাড়া পৌর এলাকায় প্রতিটি প্যাডেল ও ব্যাটারিচালিত ভ্যানের জন্য দৈনিক ১০ টাকা করে টোল আদায় করা হতো। বালাডাঙ্গা সেতু, পাটগাতী বাসস্ট্যান্ডের আশপাশ ও পাটগাতী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইজারাদারের লোকজন এ টোল সংগ্রহ করতেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভের পর এমপি এসএম জিলানী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে টোল আদায় বন্ধের সিদ্ধান্ত দেন। লেবুতলা গ্রামের ভ্যানচালক মোস্তাইন শেখ জানান, কয়েকদিন ধরে কেউ টোল নিতে আসছে না। পাচকাহনিয়া গ্রামের তুহিন শেখ বলেন, আগে যাত্রী থাকুক বা না থাকুক প্রতিদিন টোল দিতে হতো, এখন সেই চাপ নেই। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চিতলমারীর কুনিয়া গ্রামের সেলিম মোল্লাও।
নবনির্বাচিত এমপি এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যানচালকদের টোল আদায় বন্ধ করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জহিরুল আলম জানান, বর্তমান ইজারার মেয়াদ ১৮ ফেব্রুয়ারি শেষ হবে এবং পরবর্তী সিদ্ধান্ত স্থায়ী সমাধানের লক্ষ্যেই নেওয়া হবে।