কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি বসতি পুড়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই-৫ এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও স্যাটেলাইট স্টেশনের একটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সময়মতো পদক্ষেপ নেওয়ায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৩৫টি বসতি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় বহু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছরে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা শরণার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।