• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক প্রাণের মূল্য হচ্ছে দেড় বিঘা জমি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৭:৪৪ অপরাহ্ণ
এক প্রাণের মূল্য হচ্ছে দেড় বিঘা জমি
দখিনের সময় রিপোর্ট:
দেড় বিঘা জমি নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ কৃষক। আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।
নিহত লোকমান সরদার (৭০) আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মৃত নাছির উদ্দিন সরদারের ছেলে। অভিযোগ রয়েছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার চাচাতো ভাই কোরবান সরদার ও ভাতিজারা তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই রমজান সরদার বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রথমে মারামারির অভিযোগে মামলা হলেও মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আসামিদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে। নিহতের পরিবার দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে জমিটি ভোগদখলে ছিল বলে দাবি করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে।