দখিনের সময় রিপোর্ট:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের পর তিনি সরাসরি হস্তক্ষেপ করে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দোকান মালিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বাজার ইজারা–সংক্রান্ত এক ব্যক্তিকে স্পষ্ট বার্তা দেন। এমপি জানান, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে কোনো ধরনের চাঁদা তোলা বরদাস্ত করা হবে না। ইজারা নেওয়া মানেই শুধু নির্দিষ্ট সীমানার ভেতরে টাকা আদায়ের অধিকার—এর বাইরে চাঁদা তুলতে গেলে জনরোষের মুখে পড়তে হবে। তিনি আরও বলেন, কেউ নিয়ম ভঙ্গ করলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তার দায় তিনি নেবেন না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুলতে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটকে রেখে পুলিশে সোপর্দ করতে হবে। পাশাপাশি চাঁদাবাজদের আশ্রয় বা প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
শপথ নেওয়ার পর থেকেই এমপি হাসনাত আব্দুল্লাহ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন। বিভিন্ন গ্রাম পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি দ্রুত তা বাস্তবায়নের কথা জানিয়েছেন।