দখিনের সময় রিপোর্ট:
টাঙ্গাইলের সখীপুরে পাঁচ হাজার টাকা না পেয়ে নানিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কালিদাস পানাউল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বেদেনা কোচ (৬৫) কালিদাস পানাউল্লাহপাড়া এলাকার বাসিন্দা ও পরেশ চন্দ্র কোচের স্ত্রী। গ্রেপ্তার নাতি নয়ন কোচ (১৮) একই গ্রামের শ্যামল কোচের ছেলে এবং স্থানীয়ভাবে কাঠমিস্ত্রির কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নয়ন তার নানির কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা না দেওয়ায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। রাতে নানার অনুপস্থিতির সুযোগে তিনি বাড়িতে ঢোকেন। অভিযোগ রয়েছে, প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে বেদেনাকে অচেতন করা হয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত হাতুড়ি ও দা ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।