রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। কোমরে রশি বেঁধে তাকে জানাজায় আনা হয়, যা স্থানীয়দের দৃষ্টি কাড়ে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নিমতলা গ্রামে জানাজাটি অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্র জানায়, আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী আগের দিন দুপুরে ইন্তেকাল করেন। পরিবারের আবেদনের পর জেলা প্রশাসকের অনুমোদনে আলাউদ্দিনকে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তাকে জানাজাস্থলে নেওয়া হয়। নামাজের সময় তার হাতের হ্যান্ডকাফ খুলে কোমরে রশি বেঁধে রাখা হয়। জানাজায় রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, আলাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং এ ধরনের পরিস্থিতির অবসান হওয়া উচিত।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, জানাজা শেষে রাতেই তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা এলাকা থেকে যৌথ বাহিনী আলাউদ্দিনকে আটক করে; পরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।