ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে একটি মসজিদে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, টিনশেড মসজিদটিতে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৪টার পর তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় কিছু টিন অক্ষত রাখা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। সৌভাগ্যবশত, মসজিদের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।