দখিনের সময় ডেস্ক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়নের পাঁচটি মহল্লাদার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। পরে মেধা যাচাইয়ের অংশ হিসেবে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ে কেউই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে সক্ষম হননি। ফলে নিয়োগ বোর্ড কাউকেই উত্তীর্ণ ঘোষণা করেনি। এ ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
নিয়োগ বাছাই কমিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এলজিইডির উপজেলা প্রকৌশলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, চাকরিপ্রার্থীদের সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের ন্যূনতম ধারণা থাকা জরুরি। জাতীয় সংগীতের মতো মৌলিক বিষয় সঠিকভাবে লিখতে না পারা দুঃখজনক। প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে পুনরায় নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে।