দখিনের সময় ডেস্ক:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নৌপুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
বুধবার (৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার দিঘিরপাড় মাছবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নৌপুলিশ সূত্র জানায়, সরকারের জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে চর আব্দুল্লাহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল বাজারে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে সংশ্লিষ্ট বিক্রেতাদের কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা মাছ পার্শ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
নৌপুলিশ জানিয়েছে, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Post Views: ৪