• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযান ঠেকাতে কালভার্ট ভাঙল সন্ত্রাসীরা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
যৌথবাহিনীর অভিযান ঠেকাতে কালভার্ট ভাঙল সন্ত্রাসীরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা উচ্ছেদে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বাধা দিতে খালের ওপরের একটি কালভার্ট ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালাতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবিসহ তিন হাজারের বেশি সদস্য কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। বেলা ১২টার দিকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান সাংবাদিকদের জানান, একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনার ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, অভিযানের সময় কয়েকজনকে আটক করা হয়েছে, তবে পুরো তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্র বা অন্যান্য সামগ্রীর বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়।
আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সে জন্য সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে বাধা তৈরি করে। ছিন্নমূল এলাকার পর আলীনগরের শুরুতেই একটি বড় ট্রাক আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড দেওয়া হয়। এছাড়া কাছাকাছি খালের ওপরের কালভার্টটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। পরে বাহিনীর সদস্যরা খালে ইট, বালি ও সিমেন্ট ফেলে অস্থায়ীভাবে পথ তৈরি করে ভেতরে প্রবেশ করেন। বায়েজিদ লিংক রোড এলাকায় সাঁজোয়া যান মোতায়েন রাখা হয়েছে এবং নিরাপত্তার কারণে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওই এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে স্থানীয় দুষ্কৃতকারীদের হামলায় র‍্যাব-৭-এর নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকায় বড় ধরনের অভিযানের প্রস্তুতি চলছিল। প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি নিয়ে গড়ে ওঠা এই পাহাড়ি বসতিগুলো দীর্ঘদিন ধরে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসন মনে করছে, চলমান এই সাঁড়াশি অভিযানের মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।