• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওয়া গেছে নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১, ১৮:২৭ অপরাহ্ণ
পাওয়া গেছে নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ

দখিনের সময় ডেক্স:

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির নৌবাহিনী তথ্য জানিয়েছে। ৫৩ জন আরোহীসহ হারিয়ে যাওয়া সাবমেরিনটির ছয় টুকরো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। বালি সাগর, যেখানে সাবমেরিনটি হারিয়ে গিয়েছিল সেখান থেকেই ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার(২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ান নেভির চিফ অব স্টাফ ইউদো মারগানো এক সংবাদ সম্মেলনে ওই সংগৃহীত ধ্বংসাবশেষ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ইউদো মারগানো জানান, গ্রিজের বোতল, টর্পেডো লঞ্চারের কিছু অংশ, ধাতব নল জাতীয় কিছু, প্রার্থনা করার চাদর ও জ্বালানীর মতো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এগুলো নিখোঁজ হওয়া ওই সাবমেরিনের অংশ বলেই ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এগুলো এমন জায়গায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে যেখানে সমুদ্রের গভীরতা ৮৫০ মিটার। ওই সাবমেরিনের পূর্ববর্তী মিশনে থাকা কয়েকজন নিশ্চিত করেছেন যে, ধ্বংসাবশেষের কয়েকটি জিনিস ওই সাবমেরিনে ছিল।

শুক্রবার(২৩ এপ্রিল) ইন্দোনেশিয়ান কর্মকর্তারা জানিয়েছিলেন, সাবমেরিনটি এখনো অক্ষত থাকলে ও সরঞ্জামগুলো ঠিকভাবে কাজ করলে শনিবার ভোর পর্যন্ত সেটিতে অক্সিজেন থাকতে পারে। ইউদো জানান, সাবমেরিনে বিস্ফোরণ হয়নি, তবে সেটির ওপর প্রচণ্ড চাপের ফলে একটি ফাটল সৃষ্টি হয়ে থাকতে পারে। ওই ফাটল দিয়েই কিছু জিনিস বের হয়ে এসেছে।

উল্লেখ্য, বুধবার(২১ এপ্রিল) ভোররাতে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি ৫৩ জন আরোহীসহ নিখোঁজ হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যায়নি।