• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলেকে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা, লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম

দখিনের সময়
প্রকাশিত মে ১৮, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ
ইসরায়েলেকে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা, লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম

দখিনের সময় ডেক্স:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই আগ্রাসী ইসরায়েলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৭৩৫ মিলিয়ন (৭৩ কোটি ৫০ লাখ ডলার) ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা। সোমবার(১৬মে) মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।

জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এমন সময় এসব অত্যাধুনিক অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করতে যাচ্ছে যখন ইহুদিবাদী বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে। দিন-রাত ২৪ ঘণ্টা গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে দখলদার বাহিনীর হামলায় এ পর্যন্ত শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। বাইডেনের কয়েকজন ডেমোক্র্যাট সহকর্মী তার এই বিক্রয় নিয়ে বিরোধ জানিয়েছেন। তারা অস্ত্র বিক্রির অনুমোদনের সমালোচনা করেছেন। কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন ডেমোক্র্যাট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরো হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগে অর্থাৎ গত ৫ মে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে, কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এ বিষয়ে বাইডেন প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস ২০ দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি মানতে বাধ্য নয় মার্কিন সরকার।