• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ৪ বছরের শিশুর ওপর নির্যাতনে অভিযুক্ত বাবা ও সৎ মা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ১৯:০২ অপরাহ্ণ
ঝালকাঠিতে ৪ বছরের শিশুর ওপর নির্যাতনে অভিযুক্ত বাবা ও সৎ মা
দখিনের সময় দেস্ক:
ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় চার বছরের শিশু রাইসাকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে তার বাবা রাকিব হোসেন ও সৎ মা কলি আক্তারের বিরুদ্ধে। গত ১ অক্টোবর রাকিবের নিজ বাড়িতে এই ঘটনার পর শিশুটিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, রাইসার মাথার ডান পাশে গুরুতর আঘাত ও হাতের একটি হাড় ভেঙে গেছে। এ ঘটনায় শিশুটির নানা আব্দুস সত্তার হাওলাদার শনিবার (৪ অক্টোবর) ঝালকাঠি সদর থানায় রাকিব ও কলিকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
রাইসার খালা শাহনাজ বেগম জানান, তার ছোট বোন সুমাইয়ার সঙ্গে রাকিবের বিয়ে হয় ২০২০ সালে, কিন্তু সংসার ভালো যাচ্ছিল না। ২০২৩ সালের এপ্রিলে সুমাইয়ার মৃত্যু হলে রাইসা তখন মাত্র এক বছরের শিশু। এরপর থেকে রাইসা খালার কাছেই বড় হচ্ছিল এবং তাকে ‘মা’ বলে ডাকত। এই বিষয়টি রাকিব মেনে নিতে পারতেন না। মাঝে মাঝে তিনি মেয়েকে নিয়ে যেতেন, আবার ফিরিয়ে দিতেন। প্রতিবেশীরা জানান, রাকিবের দ্বিতীয় স্ত্রী কলি রাইসাকে বাসায় রাখতে চাইতেন না এবং এ নিয়েই প্রায়ই ঝগড়া হতো। শিশুটি নিজেও বলেছে, “বাবা আমাকে মেরেছে।”
খালা শাহনাজের অভিযোগ, ১ অক্টোবর রাকিব ও কলি মিলে রাইসাকে মারধর করে গুরুতর জখম করেন। হাসপাতালে গেলে দেখা যায়, রাইসার চোখ ফুলে গেছে, মাথায় রক্ত জমেছে, আর মুখে আঘাতের দাগ। রাকিব দাবি করেন, “মেয়েটি বাথরুমে পড়ে গিয়েছিল।” তবে রাইসার পরিবার বলছে, এটি একটি নৃশংস নির্যাতন, যার ন্যায্য বিচার তারা চান। ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।