• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া মোটরসাইকেল সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১৮:৪৮ অপরাহ্ণ
বেপরোয়া মোটরসাইকেল সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু
দখিনের সময় ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই বন্ধু এবং আরেকজন শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় ঘটে।
নিহতরা হলেন- কালিদাস গ্রামের পানাউল্লাহপাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন আহমেদ (১৫), একই গ্রামের বল্লাচালাপাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার প্রবাসী আবদুর রউফের ছেলে সাব্বির হাসান (২০)। লিখন ও আবির বন্ধু এবং তারা কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। সাব্বির হাসান এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শিক্ষার্থী দুই বন্ধু মোটরসাইকেলযোগে বেড়াতে বের হন। বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীসহ আরও তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আবির হোসেনকে মৃত ঘোষণা করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে লিখন আহমেদ ও সাব্বির হাসানও মারা যান। পুলিশ জানায়, মরদেহগুলো থানায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।