• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় সড়কের পাশের অবৈধ স্থাপনা বন্ধে সবুজায়নের উদ্যোগ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১৭:৫২ অপরাহ্ণ
কুয়াকাটায় সড়কের পাশের অবৈধ স্থাপনা বন্ধে সবুজায়নের উদ্যোগ
দখিনের সময় ডেস্ক:
পর্যটন নগরী কুয়াকাটায় সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পৌরসভা ও বন বিভাগ। পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবেশবাদীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন হলে কুয়াকাটা হবে দেশের অন্যতম সবুজ পর্যটন শহর।
গত কয়েক দিনে শহরের প্রধান সড়ক ঘেঁষে থাকা অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এরপর উচ্ছেদকৃত স্থানে বিভিন্ন প্রজাতির ছায়াদানকারী ও শোভাময় গাছ রোপণ করা হয়, যা পর্যায়ক্রমে আরও বিস্তৃত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উপকূল পরিবেশ আন্দোলন (উপরা) সভাপতি কেএম বাচ্চু বলেন, “এভাবে সবুজায়ন অব্যাহত থাকলে শুধু পরিবেশ নয়, কুয়াকাটার পর্যটন খাতও সমৃদ্ধ হবে।” তবে হঠাৎ উচ্ছেদে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভ্রাম্যমাণ বিক্রেতা কাওছার বলেন, “আমরা অনেক বছর ধরে এখানে ব্যবসা করছি। বিকল্প ব্যবস্থা না থাকায় এখন বিপাকে পড়েছি। সরকার যদি পুনর্বাসনের সুযোগ দিত, তাহলে কষ্টটা একটু লাঘব হতো।”
বাংলাদেশ বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনির খান বলেন, “কুয়াকাটা দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের চাপে সৌন্দর্য হারাচ্ছিল। নতুন এই উদ্যোগে সবুজে ঘেরা এক পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে।” কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াছিন সাদেক জানান, “পর্যটন নগরীর সড়কপথে বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। শহরের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রয়েছে—সবুজায়নের এই পথে যেন কেউ বঞ্চিত না হয়, সেটাই তাদের লক্ষ্য।