• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই যুবকের প্রাণহানি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই যুবকের প্রাণহানি
দখিনের সময় ডেস্ক:
জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী কাঁচা মরিচবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর রাসেল (২২) নামে এক যুবককে মৃত ঘোষণা করা হয়। পরে সার্জারি বিভাগে ভর্তি থাকা দিপু বাবুও (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত শ্যামল বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া স্থানীয় জলিল মণ্ডল জানান, ঘটনাস্থলেই একজন মারা যান এবং পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি নূর মোহাম্মদ। তিনি আরও বলেন, ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।