• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর জাগলার চরে দ্বন্দ্বে পাঁচজন নিহত

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১৮:১৭ অপরাহ্ণ
নোয়াখালীর জাগলার চরে দ্বন্দ্বে পাঁচজন নিহত
দখিনের সময় ডেস্ক:
নোয়াখালীর হাতিয়ার উপজেলার জাগলার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত এবং অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হলেও বাকি চারজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চরে আলাউদ্দিন বাহিনী এবং কোপা সামছু বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ একপর্যায়ে মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে আলাউদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, চরের জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনটি বাহিনী—ফরিদ কমান্ডার, শামসু বাহিনী এবং আলাউদ্দিন বাহিনী—সংঘর্ষে জড়িয়ে আছে। ঘটনার সময় কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একাধিক লাখ টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। দুর্গম এলাকায় সংঘটিত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ এখনও ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে।