• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে ৯৯৯-এ ফোন দিলেন বাবা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৮:০৩ অপরাহ্ণ
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে ৯৯৯-এ ফোন দিলেন বাবা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর নিজেই জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে আত্মসমর্পণ করেছেন বাবা আব্দুল বারেক খান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ৩টার দিকে আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং এলাকায় কয়েকজনকে কুপিয়ে জখমও করেছিলেন। তার আচরণে পরিবারে চরম অস্থিরতা বিরাজ করছিল। ঘটনার দিন সকালে তিনি বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং ঘরে ভাঙচুর চালান। সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে এনে মাকে হুমকি দেন—টাকা না দিলে সেদিন রাতেই বাবা-মাকে হত্যা করবেন। বিষয়টি স্বামীকে জানান খুশি বেগম। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে স্ত্রীকে আলাদা ঘরে থাকতে বলেন আব্দুল বারেক। গভীর রাতে ঘুমন্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।
ঘটনার পর আব্দুল বারেক নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। কাঁঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের মা খুশি বেগম স্বামীকে আসামি করে মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পারিবারিক আতঙ্ক ও প্রাণনাশের আশঙ্কা থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।