আদালতের নির্দেশেই ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশন আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেবে না; তবে আদালত নির্দেশ দিলে সে অনুযায়ী সাংবিধানিক দায়িত্ব পালনে কমিশন প্রস্তুত রয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো তাড়াহুড়া করেনি; আইন মেনেই নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিষয়টি কমিশনের কাছে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। তবে কেউ অভিযোগ নিয়ে আদালতে গেলে সেটি তাদের সাংবিধানিক অধিকার। আদালতের নির্দেশনা পেলে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে এবং প্রত্যাশার তুলনায় ভালো পরিবেশ নিশ্চিত করা গেছে। এদিকে শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।