নির্বাচন ঘিরে বড় হামলার শঙ্কা নেই: র্যাব মহাপরিচালক
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৭:৫৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বড় ধরনের জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরাসরি কোনো হুমকির তথ্য না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে র্যাবের পর্যাপ্ত জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। কেউ যদি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে চায়, জাল ভোট দেওয়ার চেষ্টা করে বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে উদ্যত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। ফলাফল ঘোষণার পর নাশকতা বা সহিংসতার আশঙ্কা থাকলেও তা মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
র্যাবের ডিজি আরও বলেন, গুজব ও উসকানিমূলক তৎপরতা ঠেকাতে সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা কাজ করছে। ভোটারদের উদ্দেশে তিনি নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।