• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: মাহবুব উল্লাহ

দখিনের সময়
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: মাহবুব উল্লাহ
দখিনের সময় রিপোর্ট :
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, বৈঠক নিয়ে দেশের মানুষের মাঝে বিরাট প্রত্যাশা সৃষ্টি হয়েছিল। দেশের কিছু লোক অবশ্য চেয়েছিল যে, বৈঠকটি না হোক। তবে তাদের হতাশ করে দিয়ে লন্ডনে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকের পর তারেক রহমানের হাস্যোজ্জ্বল চেহারা দেখেই বুঝা যায় যে, তিনি নিজেই বৈঠক নিয়ে বড় ধরনের আশা এবং আস্থা পোষণ করেন। নিঃসন্দেহে দেড় ঘণ্টার বৈঠকে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমরা তো শুধু সংক্ষিপ্ত খবর জেনেছি।
অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, মোটা দাগে নির্বাচন ফেব্রুয়ারিতে আনার বিষয়ে ড. ইউনূস একমত পোষণ করেছেন। তবে তিনি সব প্রস্তুতি সাপেক্ষে কথাটি বলেছেন। যদিও সেটি ঠিক কোনো শর্ত নয়। এত বছর পর এত বড় একটি নির্বাচন করতে হলে তো ব্যাপক প্রস্তুতির দরকার আছে। বিশেষত পুলিশ বাহিনী তো ভেঙে পড়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিরাট ভূমিকা থাকে। রিটার্নিং অফিসার থাকেন ডিসিরা। তাদের অনেককে নিয়েও মানুষের সন্দেহ আছে। সুতরাং একটি প্রশাসনিক পরিবর্তন নির্বাচনের আগে দরকার হবে। এ ছাড়াও নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি নেবে। ফলে সম্ভাব্য সময়টাকে তো উড়িয়ে দিতে পারি না। সরকারের হাতে ৬-৭ মাস যে সময় আছে, তাতে তারা প্রস্তুতি নিতে পারবে।
ড. মাহবুব উল্লাহ বলেন, বর্তমান সরকার সব গুছিয়ে এই সময়ের মধ্যে নির্বাচন করাটা অসম্ভব কিছুই নয়। এ জন্য উভয়পক্ষকে এগিয়ে আসতে হবে। বোঝাপড়ার কোনো বিকল্প নেই। যেমন ড. ইউনূস এপ্রিল থেকে সরে এসেছে। তারেক রহমান ডিসেম্বর থেকে সরে এসেছে। এভাবে একটা আপস রফা হয়েছে আরকি। এটাকে অভিনন্দিত করতেই হবে। এটা যাতে ঠিক থাকে, সেজন্য সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেননা কিছু মহল দূরত্ব সৃষ্টি করতে চাইছে।