দখিনের সময় ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তাদের অব্যাহত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থে বাহিনীটির সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। মহাপরিচালক সংস্থাটির চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশিক্ষণ কার্যক্রম এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী উন্নয়নধারা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
Post Views: ২