• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দখিনের সময় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনের দুই সদস্য—মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ—নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সকালে সেগুনবাগিচায় কমিশনের কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করলেও অফিসজুড়ে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বেলা আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ ও পরে সেখান থেকে বের হতে দেখা যায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর তার নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী একান্ত সচিব ও পরিচালক, জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের পরিচালক, ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআরটিএর চেয়ারম্যান এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে যুগ্মসচিব থাকা অবস্থায় তাকে ওএসডি করা হয় এবং ২০১৩ সালের ৬ জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

পদত্যাগের আনুষ্ঠানিক কারণ এখনো জানানো হয়নি। কমিশনের পরবর্তী নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।