দখিনের সময় ডেস্ক:
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল ও জনবান্ধব করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
অধ্যাপক শামসুল হক বলেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে পরিবহন সংকট এখন রাজধানীর অন্যতম বড় সমস্যা এবং এটি সমাধান করা জরুরি। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা, গোপনীয়তা ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করায় উন্নত গণপরিবহন ব্যবস্থার অভিজ্ঞতা তার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে মেট্রোরেলের পাশাপাশি লাইট রেল, মনোরেল, বাস রুট ফ্র্যাঞ্চাইজি, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) এবং নিয়মিত বাস সার্ভিস—সবকিছুকে সমন্বিত কাঠামোর আওতায় আনার বিষয়ে আলোচনা হয়। পূর্বাঞ্চলের বাসাবো, গোরান, মাদারটেক ও পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বিকল্প রেলভিত্তিক বা সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা চালুর প্রস্তাব নিয়েও কথা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ইলেকট্রিক বাসভিত্তিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে নারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবহন ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হবে। পাইলট প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট জোনভিত্তিক বাস্তবায়নের কথাও উঠে এসেছে। একই সঙ্গে দ্রুতগতির আন্তঃনগর রেলব্যবস্থা গড়ে তুলে ঢাকার ওপর চাপ কমানোর আগ্রহও প্রধানমন্ত্রীর রয়েছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে রাজধানীর পরিবহন ব্যবস্থায় বাস্তব পরিবর্তন আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
Post Views: ২৩