দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর মধ্যে নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানও রয়েছেন। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অবসরে পাঠানো অন্য চার কর্মকর্তা হলেন— পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের এই অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।