• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুজনকে নিয়ে আইজিপির বক্তব্য

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুজনকে নিয়ে আইজিপির বক্তব্য
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, হাদি হত্যার ঘটনায় জড়িত যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বর্তমানে ভারতে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম চলছে এবং শিগগিরই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির দলীয় পরিচয় বিবেচনায় না এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আলী হোসেন ফকির আরও বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য কিছু সদস্য দায়ী এবং এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে। পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি থানায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।