• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আন্দোলন কারও একার নয়: আইজিপি

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
জুলাই আন্দোলন কারও একার নয়: আইজিপি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেউ এককভাবে নিজের সম্পত্তি হিসেবে দাবি করতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যারা আন্দোলনটিকে ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে নিজেদের বলে দাবি করছে, তাদের বিষয়ে নজর রাখা হচ্ছে।
আইজিপি বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল একটি গণআন্দোলন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল। “আমরাও তখন রাজপথে ছিলাম, তাই এই আন্দোলনকে কেউ একার সম্পত্তি ভাবতে পারে না,”—বলেন তিনি। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইজিপি জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজি ও মাদক অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে পুলিশ এবং এতে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।
পুলিশপ্রধান আরও জানান, চাঞ্চল্যকর কোনো অপরাধ ঘটলে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। নারী নির্যাতন, ধর্ষণসহ সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিআইডিকে আরও আধুনিক করে মামলার তদন্তের মান উন্নত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। থানায় সেবা নিতে আসা মানুষ যেন সন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে পুলিশ—যোগ করেন আইজিপি।