• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িবহরে হামলা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১৯:৫৫ অপরাহ্ণ
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িবহরে হামলা
দখিনের সময় ডেস্ক:
ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল ও ভোলা-২ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে স্থানীয় কেন্দ্রীয় মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ইব্রাহিম খলিলসহ আরও চারজন আহত হন।
বিকেলে ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইব্রাহিম খলিল। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় মন্দিরগুলোতে আর্থিক সহায়তা দিতে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী গাড়িতে ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। একপর্যায়ে গাড়ি থেকে নামলে তার ও সহযাত্রীদের ওপর হামলা হয়। এ সময় হামলাকারীরা সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের অনুসারী বলে দাবি করেন তিনি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ তোলেন খলিল।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বোরহানউদ্দিন পৌর বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন। তিনি বলেন, “এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কেউ জড়িত নয়, অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত।” একইসঙ্গে অপপ্রচার চালানোর অভিযোগও করেন তিনি। বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।