
# আশ্বিনের পূর্নিমা ইলিশের ডিম ছাড়ার
সবচেয়ে উপযুক্ত সময়: জেলা মৎস কর্মকর্তা
# ৯ জেলায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন
# পুলিশের বানিজ্য শুরু
রাসেল হোসেন:
মা ইলিশ রক্ষায় শনিবার(৪ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২২ দিনের এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, বিপণন, মজুত ও বিক্রিতে সম্পূর্ণ নিষিদ্ধ। জেলে এবং যেকারো মাছ ধরা বন্ধ রাখতে সক্রিয় রয়েছে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড।
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ দেশের ৯টি জেলায় মোতায়েন করা হয়েছে। অভিযানে চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নৌবাহিনী স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। এ সময় অবৈধ মাছ ধরায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
মা ইলিশ রক্ষায় এতো আয়োজনের পরও সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরার অন্যরকম তান্ডব চলে। এক শ্রেণির অসৎ পুলিশ সদস্যের ছত্রছায়ার বিভিন্ন পরিচয়ের মানুষ ইলিশ নিধনে নেমে পড়ে। তবে এবার নৌবাহিনীর শক্ত অবস্থান থাকায় পরিস্থিতি কিছুটা ভিন্ন হলেও হতে পারে। এরপরও অন্যরকম অভিযোগ আছে। জেলে ও আড়ৎদাররা বলছেন, এখনও ইলিশের পেটে ডিম আসেনি। মেহেন্দিগঞ্জের মেঘনা নদী পাড়ের বাসিন্দা জেলে মকবুল মাঝি বলেন, ডিম না আসতেই মাছ ধরা বন্ধ হয়ে গেল। যদি আরও কিছুদিন পরে নিষেধাজ্ঞা দেয়া হলে আমাদের জন্য ভালো হত। আর মা ইলিশ রক্ষাও ভালো হত। এদিকে বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের ইলিশ আড়ত ঘুরে দেখা গেছে এখনও ইলিশের পেটে ডিম আসেনি।
অবশ্য, বরিশাল জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলছেন, আশ্বিনের পূর্নিমা ইলিশের ডিম ছাড়ার সবচেয়ে উপযুক্ত সময়। তিনি বলেছেন, ৩রা অক্টোবর একাদশী। স্বাভাবিক ভাবে একাদশীতে পানির চাপ কম থাকে তাই সাগর থেকে ইলিশও কম আসে। এখন ইলিশ মাছ কম পাওয়া যাচ্ছে তাই ডিম ওয়ালা মাছও কম পাওয়া যাচ্ছে। ৪ অক্টোবর দ্বাদশী থেকে পানির চাপও বেড়েছে, ইলিশ মাছও বেড়েছে। এবং ডিম ওয়ালা ইলিশ মাছ বৃদ্ধি পাবে।
বরিশালের পোর্ট রোড মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি কামাল সিকদার বলেন, এবার ১০ দিন আগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মাছের পেটে ডিম নাই। সরকার যদি অরিজিনাল জেলে, গবেষক ও আড়ৎদারদের নিয়ে বসে নিষেধাজ্ঞার সময়টা ঠিক করে তাহলে ভালো হতো।
Post Views: ৪৩৫