নিজ ঘরে পাওয়া গেলো অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৮:১৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কলেজপাড়া এলাকায় নিজ ঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাহসিন আহমেদ ফারহা (১৭) কলেজপাড়া এলাকার প্রবাসী শামীম চৌধুরীর মেয়ে। প্রায় তিন মাস আগে আখাউড়া উপজেলার ধাতুর পহেলা গ্রামের সখিন মিয়া (২৪)-এর সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. আয়ুব চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ফারহার পরিবার দাবি করেছে, বিয়ের পর থেকেই স্বামীর পক্ষ থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নির্যাতনের কারণে গত ১৮ ফেব্রুয়ারি তিনি বাবার বাড়িতে চলে আসেন। শনিবার রাতে স্বামী শ্বশুরবাড়িতে এলে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয় বলে পরিবারের অভিযোগ।
নিহতের মা উম্মে হাবীবা রোমা জানান, তার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং এ মৃত্যুকে তিনি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড বলে মনে করছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তানভীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।