• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দামে ফের বড় পরিবর্তন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
সোনার দামে ফের বড় পরিবর্তন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বছরের শুরু থেকেই সোনার বাজারে অস্থিরতা যেন থামছেই না। বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করতে গিয়ে দেশের বাজারে বারবার পরিবর্তন আসছে, যা ক্রেতা ও ব্যবসায়ী—দু’পক্ষকেই চাপে ফেলছে। কখনো ১২ ঘণ্টা, কখনো তারও কম সময়ে নতুন দাম ঘোষণা করতে হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)।
সোমবার (২ ফেব্রুয়ারি) সেই অস্থিরতা আরও স্পষ্ট হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তবে কয়েক ঘণ্টা না যেতেই বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আবার বিজ্ঞপ্তি দিয়ে দাম সংশোধন করে বাজুস। দ্বিতীয় দফায় ভরিতে আরও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে, যা গয়নার নকশা ও মানভেদে ভিন্ন হতে পারে।