• ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৮:১০ অপরাহ্ণ
তারেক রহমান ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য বরাদ্দকৃত বিশেষ প্রচারসূচির অংশ হিসেবেই এই ভাষণ প্রচার করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিটিভির মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ রাখা কমিশনের দায়িত্ব। সে লক্ষ্যেই নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫ অনুসরণ করে রাষ্ট্রীয় টেলিভিশনে দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের আবেদনের তথ্য পাওয়া যায়নি। ফলে আবেদন পাওয়ার ক্রমানুসার এবং বিএনপির অনুরোধ অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তারেক রহমানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ভাষণের রেকর্ডিং সময় ও সম্প্রচারের নির্দিষ্ট সূচি বিএনপির সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ চূড়ান্ত করবে।
ইসি জানিয়েছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। নির্বাচন কমিশনের মতে, বিটিভিতে রাজনৈতিক নেতাদের ভাষণ সম্প্রচার দীর্ঘদিন পর আবার ফিরছে, যা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে।