• ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলে নির্বাচনি সফরে তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
উত্তরাঞ্চলে নির্বাচনি সফরে তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, এবারের সফরে তারেক রহমান সড়কপথ নয়, হেলিকপ্টারযোগে রংপুর বিভাগের এসব জেলায় যাবেন। যদিও সফরের দিন চূড়ান্ত করা হয়েছে ৭ ফেব্রুয়ারি, তবে নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। নিরাপত্তা পরিস্থিতি, আবহাওয়া এবং সামগ্রিক সফর পরিকল্পনার ওপর ভিত্তি করেই সময় চূড়ান্ত হবে বলে জানান ডা. জাহিদ। এদিন তিন জেলার পৃথক জনসভায় বিএনপির প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, দিনাজপুরে তারেক রহমানের জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি সফরকালে তিনি দিনাজপুরে তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলেও জানান তিনি।