• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে তিন স্লোগান প্রচারে দুদক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
নির্বাচন সামনে রেখে তিন স্লোগান প্রচারে দুদক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধ করতে তিনটি স্লোগান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ ফেব্রুয়ারি) কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার বিকল্প নেই। সচেতন ও দায়িত্বশীল ভোটারদের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসচেতনতা বাড়াতে দুদক এই উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, স্লোগানগুলো দেশব্যাপী প্রচারের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
দুদকের নির্ধারিত তিনটি স্লোগান হলো— দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন; দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। এসব বার্তার মাধ্যমে ভোটারদের নৈতিক ও নাগরিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়াই দুদকের মূল উদ্দেশ্য।