পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে বিক্ষোভের প্রেক্ষাপটে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন। বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, ফলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনামুখী অগ্রসর হওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।