• ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা এলাকা ছাড়লেন আন্দোলনরত কর্মচারীরা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
যমুনা এলাকা ছাড়লেন আন্দোলনরত কর্মচারীরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নবম পে-স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শেষ পর্যন্ত সেখান থেকে সরে গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর পুলিশের অভিযানের মুখে তারা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
এর আগে সকাল থেকে আন্দোলনকারীরা কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে পৌঁছালে প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকলেও শুরুতে লাঠিচার্জ করা হয়নি; জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছে সড়কে বসে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
পুলিশ প্রথমে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানালেও তা মানা হয়নি। এরপর দফায় দফায় জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে অভিযান চালানো হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে ঢুকে পড়লে সেখানেও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা উত্তেজনার পর দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা পুরোপুরি যমুনা এলাকা ত্যাগ করে শাহবাগের দিকে সরে যান। এতে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।