নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। বিশেষ করে নারী ও কন্যাশিশু, প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের ব্যক্তিরা যেন কোনো বাধা, বৈষম্য বা সহিংসতার ঝুঁকি ছাড়া ভোটার ও প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। সাম্প্রতিক সময়ে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি এবং অনলাইন নির্যাতন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগের বিষয়টিও জাতিসংঘ উল্লেখ করেছে। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নারী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ডিপফেক, ছবি বিকৃত করে অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়ানোর প্রবণতা বাড়ছে বলেও জানানো হয়।
জাতিসংঘ জানিয়েছে, নারীর অর্থবহ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে তারা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করছে। রাজনৈতিক দল, নেতা ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো নারী যেন ভয়ভীতি বা সহিংসতার শিকার না হন। একই সঙ্গে আইনের শাসন ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা প্রকাশ করেছে।