• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প ঝুঁকি কমাতে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
ভূমিকম্প ঝুঁকি কমাতে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের মাত্রা ও ঘনত্ব বেড়ে যাওয়ায় তা মোকাবিলায় নতুন উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মহানগরীতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পাশাপাশি প্রাথমিক আশ্রয়কেন্দ্র নির্ধারণের কথাও বলেছেন তিনি।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সাংবাদিকদের জানান, ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি সামাল দিতে রাজধানীর খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্ভাব্য আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমিকম্পের সময় করণীয় ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর কর্মপরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, একটি সমন্বিত প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং এ বিষয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ফেব্রুয়ারি মাসজুড়ে দেশে মোট ১০টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কয়েকটির উৎপত্তিস্থল ছিল সিলেট, সাতক্ষীরা ও মিয়ানমার অঞ্চলে। কিছু ভূমিকম্পের মাত্রা ৫-এর বেশি হওয়ায় তা উল্লেখযোগ্যভাবে অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন ভূকম্পন বড় ধরনের দুর্যোগের ইঙ্গিত হতে পারে, তাই আগাম প্রস্তুতি জোরদার করা জরুরি।