দখিনের সময় ডেস্ক:
চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, প্রথমে ঢাকা থেকে তালিকা প্রণয়ন শুরু হবে, এরপর তা সারাদেশে বিস্তৃত করা হবে। চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নিরপেক্ষ ও যাচাইকৃত তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএমপি সদরদপ্তর পরিদর্শনের সময় তিনি অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক প্রেক্ষাপটে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান পরিস্থিতিতে বাহিনীকে জনবান্ধব ও পেশাদার রূপে গড়ে তোলার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতায় খুব শিগগিরই দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবেই প্রতিষ্ঠিত করা হবে।
Post Views: ৩