1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

নানা ডিভাইস নিয়ে পাকিস্তানসহ পাঁচ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

dokhinersomoy
September 12, 2026 1:42 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক।। 

চট্টগ্রাম সিটিতে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় দেড় মাস আগে খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডের এক দুবাইপ্রবাসীর ১ নম্বর বাড়ি ভাড়া নেন। বাড়িটি তারা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করে আসছিলেন।

আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনলাইনভিত্তিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা এবং অন্যান্য অনলাইন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ও তাদের অজ্ঞাতনামা পলাতক সহযোগীরা পরস্পর যোগসাজশে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধভাবে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ আত্মসাৎ এবং আইনানুগ কর্তৃত্ববহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধ করে আসছিলেন।

অভিযান চলাকালে ওই ফ্ল্যাটগুলো থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রনিক ও প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১৩৪টি মুঠোফোন, একটি অ্যাপল ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ এবং চারটি সিমকার্ড। এছাড়া তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ডও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।