ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আকাশপথে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষবিহীন আকাশযান (ইউএভি) ব্যবহার করে সারাদেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ বিমান বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। সারাদেশে বিমান বাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য মোতায়েন রয়েছেন। বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স অ্যান্ড রিকনাইস্যান্স) রোলে একাধিক ইউএভি মোতায়েন করা হয়েছে। এসব ইউএভি আকাশ থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করতে সক্ষম। প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণে এ প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনায় আকাশ থেকে সংগ্রহ করা লাইভ ভিডিও ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন পরিস্থিতি আরও নিবিড়ভাবে তদারকি করা সম্ভব হবে।