• ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সনদ জালিয়াতি ঠেকাতে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:০৬ অপরাহ্ণ
সনদ জালিয়াতি ঠেকাতে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির সুনাম বজায় রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদের জালিয়াতি বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর গভর্নিং বডির দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। ড. ইউনূস বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা যদি ভুয়া সনদের কারণে আস্থার সংকটে পড়েন, তাহলে দক্ষতা উন্নয়নে নেওয়া সব উদ্যোগই ব্যর্থ হবে। বিশ্ববাজারে চাহিদা থাকা সত্ত্বেও সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এ সমস্যা সমাধানে এনএসডিএ প্রণীত অভিন্ন মানের সনদ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। সভায় একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়, যার আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করা হবে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সনদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং সরকারি অর্থের অপচয় কমবে বলে সভায় জানানো হয়।
এছাড়া এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এনএসডিএ-এর বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুমোদন করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।