• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে আহ্বান প্রধান উপদেষ্টার

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৮:১১ অপরাহ্ণ
ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে আহ্বান প্রধান উপদেষ্টার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশবাসীর প্রতি ভোটকেন্দ্রে গিয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাণীতে তিনি উল্লেখ করেন, এ গণভোট ও জাতীয় নির্বাচন কেবল সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত নাগরিকরা সাম্প্রতিক গণআন্দোলনের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এই নির্বাচন তার প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্রকাঠামো সম্পর্কে মতামত জানাবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সেই মত বাস্তবায়নে যোগ্য ও জবাবদিহিমূলক প্রতিনিধি নির্বাচন করবেন—এভাবেই জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নেবেন বলে তিনি বলেন। বিশেষ করে তরুণ ভোটারদের প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগকে তিনি গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সবার দায়িত্ব। প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদেরও সংযম ও সহনশীলতা প্রদর্শনের অনুরোধ করেন। তিনি প্রত্যাশা করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণে দেশ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।