• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মব সন্ত্রাস দমন নিয়ে সরকারের উদ্যোগ প্রশংসনীয়: রাষ্ট্রপতি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:২৬ অপরাহ্ণ
মব সন্ত্রাস দমন নিয়ে সরকারের উদ্যোগ প্রশংসনীয়: রাষ্ট্রপতি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সদ্য দায়িত্ব নেওয়া সরকারের মব সন্ত্রাস রোধে নেওয়া প্রথম পদক্ষেপকে প্রশংসনীয় উল্লেখ করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মব কালচার দেশে এক ধরনের উদ্বেগের সৃষ্টি করেছিল। সরকারের এই প্রাথমিক পদক্ষেপ অবশ্যই প্রশংসার যোগ্য।” সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হওয়ার পর শেষ অংশ আজ (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে মবতন্ত্র বন্ধ করা আবশ্যক। “এগুলোকে শক্ত হাতে দমন করতে হবে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন মব সন্ত্রাসের বিরুদ্ধে যে দৃঢ় অবস্থান নিয়েছেন, তা খুবই ইতিবাচক,” রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, চলতি সময়ের মধ্যে সরকারের কার্যক্রম দেশ ও রাষ্ট্র পরিচালনায় ভালো ফলাফল আনবে।
এসময় রাষ্ট্রপতিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রাথমিক কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তিনি আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন সরকার ও রাষ্ট্রপতির জন্য এখন একটি নিঃশ্বাসের সুযোগ এসেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মতে, এই পরিস্থিতি দেশে স্থিতিশীলতা ও স্বাভাবিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।